এইবার বাতাসিয়া পথে
সেই গুপ্ত গবেষণাগার থেকে
এক নতুন অজেয় ভাইরাস
অতিমারী হবে
যুদ্ধবাজ ঘৃণাবাজ উপজাতি যত
ক্রমশ আক্রান্ত হবে
মাথানত হবে ক্ষুদ্রের কাছে
শিশুদের কুসুম বাগানে
নিমজ্জ হবে দাঙ্গাবাজ
শ্বাসরুদ্ধ হবে যত দলবাজ
মহাস্রোতে ভেসে যাবে ভয়ের পাহাড়
লক্ষ কোটি সেই প্রশান্ত ভাইরাসে
আহাম্মকেরা শোন
তোমাদের শেষতম বীজ
নির্মূল হবে আগাছার মত
ঘাতকের মহান সংক্রমণে
হিংসার মিসাইল যত
মিশে যাবে, মুছে যাবে
মহাজাগতিক প্রলয়ের তাপে
ক্ষুদ্রাতিক্ষুদ্র মারক ভাইরাসে
শান্তি একদিন অমোঘ অশেষ হবে
বিস্ফোটিত নিদারুণ ভাইরাসে
অপেক্ষায় আছি
দুরারোগ্য সেই বিশ্বাস নিয়ে।
